Tore Janson-এর সুইডিশ ভাষায় রচিত Latin: Kulturen, historien, språket গ্রন্থের Merethe Damsgård Sørensen ও Nigel Vincet-কৃত ইংরেজি অনুবাদ A Natural History of Latin-এর বাংলা ভাষান্তর বাচন ও বানান (প্রথম অংশ) লাতিন যাদের মাতৃভাষা ছিল না তাদেরকে শব্দের বানান আর লেখা শেখার পাশাপাশি সেগুলো উচ্চারণ করতেও শিখতে হতো। কিন্তু সেগুলোর উচ্চারণ কেমন হওয়ার কথা সেকথা কিভাবে জানতো তারা? লাতিন যেহেতু তখন আর কারোই মাতৃভাষা ছিল না ফলে অনুকরণ করা যায় এমন কেউ ছিল না। সত্যি বলতে কি, প্রাচীনকালের শেষ দিকেই এই সমস্যাটি দেখা দিয়েছিল। চতুর্থ শতকের মধ্যেই লাতিন উচ্চারণ যথেষ্ট বদলে গিয়েছিল যীশুর জন্মের সময়ের কাছাকাছি সময়ের তুলনায়। সময়ের সঙ্গে সঙ্গে সব ভাষা-ই বদলায়, লাতিন-ও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যালয়ের শিক্ষকেরা লক্ষ করেছিলেন যে ধ্রুপদী টেক্সটগুলোতে শব্দের বানান আর সেগুলোকে তাঁরা ও তাঁদের শিক্ষার্থীরা যেভাবে উচ্চারণ করেন তার মধ্যে একটা বেশ ফারাক আছে, কাজেই দোনাতাস আর তাঁর সমসাময়িকদের মধ্যে ইতিমধ্যেই উচ্চারণের নিয়ম কানুন নিয়ে একটা বিতর্ক ছিল। সম্রাট কনস্তান্তিন যখন কনস্তান্তিনোপলকে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে প্রতিষ্ঠা দিলেন তখন সমস্যাটা আরো বড় হয়ে উঠল। পূর্বাঞ্চলীয় নতুন রাজধানীতে রাজপ্রশাসন চালাবার জন্য লোক নিয়োগের জরুরি প্রয়োজন দেখা দিয়েছিল, আর কাজটা চালানো হতো লাতিনে। অথচ সাম্রাজ্যের সেই অংশের মানুষজনের মাতৃভাষা ছিল গ্রীক বা অন্য কিছু, এবং তাদের লাতিন ভাষায় একটা বিশদ প্রশিক্ষণ প্রয়োজন পড়ত। আর ঠিক এই কারণেই প্রিসিয়ান তাঁর ব্যাকরণ বই সম্পাদনা করেছিলেন। সেটা ছিল প্রাচীনকালের সমস্ত ব্যাকরণের মধ্যে সবচাইতে সারগর্ভ, এবং তাতে ভাষাটির উচ্চারণের ওপর অনেকখানি জায়গা খরচ করা হয়েছে। তো, মঠভিত্তিক বিদ্যালয়গুলোতে — যেগুলোর সঙ্গে সাবেক রোমক জগতের প্রায় কোনো সম্পর্ক-ই ছিল না — লাতিন একটি বিদেশী ভাষায় পরিণত হতে পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে পড়ল, যেমনটি ঘটেছিল আয়ারল্যান্ডে, আর পরবর্তী কালে জার্মানী ও স্ক্যান্ডিনেভিয়াতে। কোথাও কোথাও উচ্চারণ নিশ্চয়ই খুব খারাপ ছিল। সৌভাগ্যক্রমে, বেশিরভাগ লাতিন শব্দের উচ্চারণ কেমন হবে তা সেগুলোর বানান থেকে বের করা যায়। বর্ণমালাটা ঠিক এই ভাষার জন্যেই আবিষ্কৃত হয়েছিল, এবং লাতিনের বেশিরভাগ ধ্বনি প্রায় সব ইউরোপীয় ভাষাতেই পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ‘bona’ — good, ‘mitte’ — send, ‘lectus’ ‘bed’, এই শব্দগুলোতে অক্ষরগুলো কিভাবে উচ্চারিত হবে…
|| বাচন ও বানান (প্রথম অংশ) || লাতিন যাদের মাতৃভাষা ছিল না তাদেরকে শব্দের বানান আর লেখা শেখার পাশাপাশি সেগুলো উচ্চারণ করতেও শিখতে হতো। কিন্তু সেগুলোর উচ্চারণ কেমন হওয়ার কথা সেকথা কিভাবে জানতো তারা? [. . .]
